নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দক্ষিণ লক্ষণখোলা এলাকার শাহাদাত হোসেন সুমন (২৫) এবং নবীগঞ্জ নুরবাগ এলাকার সোহেল ওরফে জাকির ওরফে গাজী (৪৫) নামে দুইজনকে আটক করা হয়।
অভিযানকালে শাহাদাত হোসেন সুমনের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাদের হেফাজতে থাকা ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদকসংক্রান্ত মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



















