নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর প্রবেশদ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি পানাম নগরীতে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাংবাদিক ও লেখক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমা‘র প্রধান সম্পাদক আরিফুর রহমান, সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, কবি মোয়াজ্জেনুল হক, লেখক মোফাখখার সাগর, লেখক শংকর প্রকাশ, সাংবাদিক বিল্লাল হোসেন, সুমন আল হাসান এবং প্রকৌশলী বাবুল মোল্লাসহ অন্যরা।
বক্তারা বলেন, পানাম নগরীর প্রবেশমুখে একসময় থাকা নান্দনিক ও ঐতিহাসিক সেতুটি শুধু যাতায়াতের মাধ্যম ছিল না, বরং এটি ছিল পানাম নগরীর ঐতিহ্য ও স্থাপত্য সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ। ২০০১ সালের পর সেতুটি ভেঙে ফেলার ফলে পানাম নগরী তার একটি মূল্যবান ঐতিহ্য হারিয়েছে।
তাদের দাবি, পুরোনো নকশা ও নির্মাণশৈলী অক্ষুণ্ন রেখে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে দ্রুত সেতুটি পুনর্নির্মাণ করা হলে পানাম নগরীর ঐতিহাসিক স্বকীয়তা ফিরে আসবে এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে এর আকর্ষণ আরও বাড়বে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পানাম নগরী এলাকায় একটি র্যালি বের করেন এবং দ্রুত সেতু পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


















