নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
গত ৩ এপ্রিল ২০২৬ তারিখে এসআই শেখ পারভেজ বিন কামাল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ সোনারগাঁও থানাধীন সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল এলাকায় অভিযান চালান। এ সময় জনৈক আব্দুল করিমের বাড়ির গ্যারেজ থেকে একটি প্রাইভেটকারসহ ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে মাদকদ্রব্যের মালিক হিসেবে পলাতক ইমন শেখ (৩৫) ও তার স্ত্রী মোসা. ঝর্না বেগম (২৫)-এর নাম পাওয়া গেছে।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















