নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ৯টা ১৫ মিনিটে ফতুল্লার মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডসংলগ্ন একটি স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে ভূইঘর সরদার বাড়ি এলাকার বাসিন্দা মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তির অপরাধ সংক্রান্ত রেকর্ড যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



















