নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে আজ বৃহস্পতিবার অপরাহ্ণে যোগদান করেছেন মোঃ হাবিবুর রহমান।
বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত পুলিশ সুপারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তরকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।
মোঃ হাবিবুর রহমান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ জেলা যশোর। এর আগে তিনি মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন,
নারায়ণগঞ্জ একটি শিল্প ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ জেলা। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করব। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, পুলিশি সেবা জনবান্ধব করতে এবং অপরাধ দমনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, বদলিজনিত কারণে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আজ নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ত্যাগ করেন।



















