তারেক রহমান রাকিবঃ “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ” সম্প্রতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে ।
১৪ই জুন রোজ রবিবার নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সরকারি তোলারাম কলেজকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য সরকারি তোলারাম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
কলেজ প্রশাসনের মতে, এ সাফল্য শুধু একটি অর্জন নয়, বরং ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দীর্ঘদিনের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিষ্ঠার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।
শিক্ষার্থীরা জানান, কলেজের এ অর্জন তাদের আরও ভালো ফলাফল ও গৌরবময় সাফল্যের জন্য অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন – ভবিষ্যতেও সরকারি তোলারাম কলেজ শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে।
সংশ্লিষ্টরা মনে করেন, সরকারি তোলারাম কলেজের এ সাফল্য প্রতিষ্ঠানটির সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি করবে এবং কলেজকে উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।



















