আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় হাজারো মানুষের অংশগ্রহণে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটির নেতৃত্ব দেন মমতাজ উদ্দিন মন্তু। মিছিলে সাধারণ মানুষসহ বিভিন্ন পাড়া-মহল্লার নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শুক্রবার দুপুরে মমতাজ উদ্দিন মন্তুর কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। পরে এটি ধনকুন্ডা মসজিদ, ২ নম্বর বাসস্ট্যান্ড, তাঁতখানা স্কুল ও কেনেলপাড় এলাকা প্রদক্ষিণ করে লেকপাড় এলাকায় গিয়ে শেষ হয়। দীর্ঘ এই পথজুড়ে মিছিল চলাকালে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী মানুষ, তরুণ-যুবক ও প্রবীণদের অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।
গণমিছিলে অংশগ্রহণকারীরা নানা স্লোগানের মাধ্যমে মমতাজ উদ্দিন মন্তুর প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন স্বতঃস্ফূর্ত জনসমাগম নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মমতাজ উদ্দিন মন্তু বলেন, “সাধারণ মানুষের এই ভালোবাসা ও অংশগ্রহণই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই।” তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ী হলে জনগণের অধিকার রক্ষা, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবেন।
তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি কথা নয়, কাজে বিশ্বাসী। আপনারা পাশে থাকলে এই এলাকার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”
গণমিছিলে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, মমতাজ উদ্দিন মন্তু দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাই তারা স্বতঃস্ফূর্তভাবে তার ডাকে সাড়া দিয়ে গণমিছিলে অংশগ্রহণ করেছেন।
আয়োজকরা জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, ততই গণসংযোগ, গণমিছিল ও পথসভাসহ বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি আরও জোরদার করা হবে। নির্বাচনের আগ পর্যন্ত এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিশাল গণমিছিল মমতাজ উদ্দিন মন্তুর জনপ্রিয়তার প্রতিফলন এবং নির্বাচনী সমীকরণে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।



















