নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে আয়োজিত আলোচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। উভয়পক্ষের অন্তত ১০ জনের অধিক নেতা কর্মী আহত ।
আজ বুধবার (৫ আগস্ট) আনুমানিক দুপুর ১2টার দিকে সরকারি তোলারাম কলেজের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনা সূত্রে জানা যায়, আলোচনা সভার বক্তব্যকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে দাওয়া-পালটা দাওয়া হয় ।
সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়ার বলেন , আলোচনা সভায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা উসকানিমূলক বক্তব্য দিলে আমরা তার প্রতিবাদ জানাই । পরবর্তীতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে,এতে সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের প্রায় ১০ জন নেতাকর্মী আহত হন।
অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রাজুর অভিযোগ, ছাত্রদল পূর্বপরিকল্পিতভাবে হামলার প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে আমরা কলেজ থেকে চলে যাচ্ছিলাম। কলেজ রোডের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর দুই দফায় হামলা চালায়, হামলায় ছাত্রশিবিরের প্রায় ৯-১০ জন নেতাকর্মী গুরুতর আহত হন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















