সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নিহত সজীব সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া মুসলিমনগর এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি জ্বালানি তেল সরবরাহকারী একটি গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সজীব গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদের চায়ের দোকানে যান। এ সময় অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন ব্যক্তি সেখানে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সজীব গুরুতর আহত হন।
পরে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন থানার ওসি।



















