নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় ঢুকে ঝুট মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার ছেলের বিরুদ্ধে। তবে তীব্র সমালোচনা ও দলীয় চাপের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই সেই মালামাল ফেরত দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পাগলাবাড়ি এলাকার ইব্রাহীম নিট গার্মেন্টস প্রাইভেট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, স্থানীয় এক বিএনপি নেতার ছেলে আবুল কালাম আজাদ রাসেল একদল লোক নিয়ে কারখানায় প্রবেশ করে জোরপূর্বক ঝুট মালামাল নিয়ে যান।
কারখানার ব্যবস্থাপনায় থাকা মজিব ফ্যাশনের ম্যানেজার আনিসুর রহমান জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চাপ ও হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে তারা কারখানায় ঢুকে মালামাল নিয়ে যান।
তবে ঘটনার বিষয়টি জানাজানি হলে এবং দলীয় নেতৃবৃন্দের চাপের মুখে দুপুর ২টার দিকে অভিযুক্তরা ছিনিয়ে নেওয়া মালামাল ফেরত দিতে বাধ্য হন।
মালামাল ফেরত পাওয়ায় আপাতত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান কারখানা কর্তৃপক্ষ।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এ ধরনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম আজাদ রাসেল ও তার বাবা রওশন আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।



















