নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আটক এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে মো. নাজমুল (২৮) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বাওশি গ্রামের বাবুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় বসবাস করতেন।
আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাজমুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসাইনসহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



















