নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। শুক্রবার (৩ জুলাই) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১১ জানায়, গত বছরের ৩ অক্টোবর সন্ধ্যায় বন্দর উপজেলার সালেহনগর এলাকায় একটি সালিশ বৈঠক চলাকালে পূর্ব বিরোধের জেরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. সোহেব (৪২) এবং মামলার আরেক আসামি মো. সুমন (৩৮)-কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।



















