নিউজ ডেস্ক: প্রবাসী পল্লী লিমিটেডের চেয়ারম্যান মহিদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, প্রতারণা ও জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক কার্যক্রম ও বিনিয়োগ প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হলেও অনেক গ্রাহক এখনো তাদের বিনিয়োগের টাকা ফেরত পাননি। এতে ক্ষতিগ্রস্তদের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
সূত্র জানায়, মহিদুর রহমান সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের ভাই। তার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন মামলার রিটকে ব্যবহার করে দীর্ঘ ১৭ বছর ধরে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।
ভুক্তভোগীদের দাবি, প্রবাসী পল্লীর বিভিন্ন প্রকল্পে উচ্চ মুনাফার আশ্বাস দিয়ে বিনিয়োগ নেওয়া হলেও অধিকাংশ গ্রাহক প্রতিশ্রুত সুবিধা পাননি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হারুন সরকার নামে এক ব্যক্তি নরসিংদীর মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, প্রায় এক বছর আগে মাধবদীর কান্দাইল মৌজার প্রায় পাঁচ একর জমি রাতের আঁধারে দখল করে সেখানে বালু ভরাট করা হয়। পরে জমিতে দেয়াল নির্মাণের চেষ্টা করলে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমি প্রবাসী পল্লীর নামে লিখে দিতে চাপ প্রয়োগ করা হচ্ছে। অন্যথায় মামলা ও প্রাণনাশের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মহিদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


















