নারায়ণগঞ্জে সাবেক ছাত্রশিবির নেতাদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মহানগর ছাত্রশিবিরের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম ও সংগ্রামের মধ্য দিয়েই সংগঠনের এই অবস্থান তৈরি হয়েছে। তিনি আরও বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন। তিনি দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ গঠনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান সংগঠনের বাৎসরিক কার্যক্রম ও জনশক্তির বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নতুন ও পুরাতনদের সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে এবং সাবেক দায়িত্বশীলদের পরামর্শ নিয়ে সামনের পথচলা অব্যাহত থাকবে।
ইফতারের আগে সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মধ্যে পরিচয় ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যা মিলনমেলায় রূপ নেয়।
মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মহানগর সভাপতি ও জামায়াত মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, হাফেজ আব্দুল মোমিন, গোলাম সারোয়ার সাইদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



















