নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ইলেক্ট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার নগদ টাকা, মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী মোসা. জাকিয়া (৩১) ফেসবুকে “Colour Brand BD” নামের একটি অনলাইন শপের বিজ্ঞাপন দেখে গত ১২ এপ্রিল পোশাকের অর্ডার দেন। এজন্য তিনি ৫১ হাজার ৬৩০ টাকা পরিশোধ করেন। তবে নির্ধারিত সময়ে পণ্য না পেয়ে প্রতারণার শিকার হয়ে বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বন্দর থানার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ২৪ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— রুহুল আমিন শেখ ওরফে মুরাদ (২৯), মো. মিজান (২০), মো. বাইজিদ বিশ্বাস (১৯) ও মো. জুয়েল শেখ (২১)। তারা সবাই রাজবাড়ী জেলার কালুখালী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন, ২১টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড এবং নগদ ৫১ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৫ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অনলাইন প্রতারণা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



















