রাজধানীর চকবাজারের মৌলভীবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতির বিরুদ্ধে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করতে গেলে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় সভাপতির বিরুদ্ধে মামলা দায়েরের জন্য গতকাল সংশ্লিষ্ট থানায় অফিসিয়াল চিঠি দেওয়া হয়। তবে ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত মামলা গ্রহণ করা হয়নি বলে দাবি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সূত্র জানায়, অভিযানের সময় এক ব্যবসায়ীর কাছে পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকা এবং ছোলার অযৌক্তিক মূল্য বৃদ্ধির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হলে ব্যবসায়ী সমিতির সভাপতি এতে বাধা দেন। এছাড়া ভবিষ্যতে মৌলভীবাজার এলাকায় এ ধরনের অভিযান না চালানোর জন্য ভোক্তা কর্মকর্তাকে সতর্ক করা হয় বলেও অভিযোগ রয়েছে।
ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, খাদ্যপণ্যের ক্রয়-বিক্রয়, মজুদ ও সরবরাহ সংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং রশিদ রাখা আইনগতভাবে বাধ্যতামূলক। এ ধরনের অনিয়ম নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে প্রশাসনিক ও ব্যবসায়ী মহলে আলোচনা চলছে। সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



















