সিদ্ধিরগঞ্জে ভিন্ন দাগের জমি দখলের পায়তারার অভিযোগ: আইনের আশ্রয়ে মোসলেহ উদ্দিন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি মৌজায় বায়না সূত্রে দাবিকৃত জমির বাইরে গিয়ে অন্য দাগে থাকা মোসলেহ উদ্দিনের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ইমরুল কায়েসের লোকজন অস্ত্র দেখিয়ে জোরপূর্বক ওই জমি দখলের পায়তারা চালাচ্ছে। এই অবস্থায় নিজেদের দখল ও বৈধ অধিকার রক্ষায় আইনের আশ্রয় নিয়েছেন মোঃ মোসলেহ উদ্দিন এবং ভবিষ্যতে জমিটি যেন বেদখল না হয়, সেজন্য সেখানে একটি স্থাপনা তৈরি করা হয়েছে।
সংশ্লিষ্ট নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, মেজর মোঃ ইমরুল কায়েস, পিএসসি-এর নামে বায়না সূত্রে মালিকানা দাবি করা সাইনবোর্ডে নির্দিষ্ট খতিয়ান ও দাগের উল্লেখ রয়েছে। অথচ অভিযোগ উঠেছে, বায়নার ওই দাগের বাইরে গিয়ে মোসলেহ উদ্দিনের দখলীয় বা দাবিকৃত ভিন্ন একটি দাগ নম্বরের জমির ওপর নজর দিয়েছে প্রতিপক্ষ গ্রুপটি।
গোদনাইল ইউনিয়ন ভূমি অফিসের সরেজমিন তদন্ত প্রতিবেদনে জালকুড়ি মৌজার এস.এ ৪৬২৭ ও আর.এস ৪৬২৮ নং দাগের জমির বিভিন্ন অংশ ও দখল সংক্রান্ত চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, সংশ্লিষ্ট দাগের একটি অংশে মোঃ মোসলেহ উদ্দিন গং বালু ভরাট করে দখলে আছেন এবং তার নামে নামজারি খতিয়ানও রয়েছে। পাশাপাশি ওই জমি ও দখল নিয়ে বিরোধ থাকায় বিষয়টি বর্তমানে সহকারী কমিশনার (ভূমি), সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলে রিভিউ মোকদ্দমা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলায় বিচারাধীন রয়েছে।
অভিযোগকারীদের দাবি, দাগ নম্বর ভিন্ন হওয়া সত্ত্বেও এবং বিষয়টি আইনগত ও তদন্তাধীন থাকা অবস্থায় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চরম আইনবিরোধী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভবিষ্যতে যাতে আর কোনোভাবেই মোসলেহ উদ্দিনের জমি বেদখল বা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ এবং স্থায়ী আইনি সুরক্ষা কামনা করেছেন সংশ্লিষ্টরা।


















