সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে চারজনকে আদালতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। প্রভাবশালী এক সাবেক পুলিশ কর্মকর্তা ও তাঁর উপসহকারী সচিব ছেলের ক্ষমতার জোরে ভুক্তভোগী নজরুল মিয়ার মালিকানাধীন জমির ওপর নির্মিতব্য এক শাটার বিশিষ্ট দোকানঘর দখলের পায়তারা চালানোর অভিযোগ উঠেছে। নালিশি জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের বিরোধ বা দখল-হস্তক্ষেপ না করার নির্দেশনা চেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়।
আদালতের নোটিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (৫০) বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে এই মামলা বা আবেদন করেন। এতে প্রধান অভিযুক্ত হিসেবে হাফিজউদ্দিন (সাবেক পুলিশ কর্মকর্তা), তাঁর ছেলে রাজিব (উপসহকারী সচিব), মো. রাজু চৌধুরী, রাকিব (২৮) ও সজীব (৩২)-এর নাম উল্লেখ করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, বিরোধপূর্ণ ওই জমির ওপর একটি এক শাটার বিশিষ্ট দোকানঘর রয়েছে ।
কিন্তু নালিশি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদীপক্ষের লোকজন নিজেদের ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক সেই দোকানঘর ও জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় নালিশি জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিপক্ষকে জমিতে বাদীপক্ষের দখলে কোনো ধরনের হস্তক্ষেপ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর ২০২৬ তারিখে সকাল ৯টায় উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিরোধপূর্ণ জমি ও দোকানঘর নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে বলা হয়েছে।
তফসিলভুক্ত জমি: নোটিশে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাব-রেজিস্ট্রি অফিস (নারায়ণগঞ্জ সদর) এলাকার মৌজা-সংক্রান্ত জমির দাগ ও খতিয়ান উল্লেখ করা হয়েছে। এতে এসএ ৪৩৩ ও আরএস ৮১৪ নম্বর খতিয়ানের এবং সিএস/এসএ ২৬০২ ও আরএস ৫৪৯০ নম্বর দাগের জমির কথা বলা হয়েছে। মোট ৩৫ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশ জমি বর্তমানে বিরোধপূর্ণ হিসেবে উল্লেখ রয়েছে।
আদালতের এই নোটিশটি গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয়।



















