নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘটিত এক হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ এলাকার এসও এলাকা থেকে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. নোবেল (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ি ক্যানেলপাড় এলাকায় এক বৃদ্ধের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ১৯ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর থেকেই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।



















