নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ আক্রান্ত ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার সাত আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশের তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ জানায়, গত ৫ মে ভোরে অস্ত্র মামলার পলাতক আসামি শামীম মিয়াকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নেওয়ার পথে ১৫০ থেকে ২০০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ সদস্যরা আহত হন এবং সরকারি গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পর রূপগঞ্জ থানায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে আসামিরা কক্সবাজারে অবস্থান করছে। পরে র্যাব-১৫ এর সহযোগিতায় কক্সবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শামীম মিয়াসহ সাতজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















