নিজস্ব প্রতিবেদকঃ এডিস মশার প্রাদুর্ভাব প্রতিরোধ ও ডেঙ্গু রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ আদালতপাড়ায় জেলা নির্বাচন কার্যালয়ে এ কর্মসূচির অংশ হিসেবে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলার যোগ্য জেলা কমান্ড্যান্ট ও নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার আন্তরিক নির্দেশনায় এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে ফতুল্লা ইউনিয়ন আনসার কমান্ডার সেলিম খন্দকারসহ স্থানীয় আনসার-ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। আনসার-ভিডিপি সদস্যদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



















