নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ফটকে আবারও আগের নামফলক ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে হলের ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক মুছে ফেলার কাজ শুরু হয়। এরপর সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ নামটি লেখা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, সর্বশেষ সিনেট সভায় আগের নামগুলো আগের মতো রাখার সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ীই এখন নামফলক পরিবর্তনের কাজ করা হচ্ছে।
এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শেখ মুজিবুর রহমান হলের গেটের আগের নামফলক মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়েছিল।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ—ডাকসু—হলটির নাম ‘শহীদ ওসমান হাদি হল’ রাখার দাবি জানায়।
তবে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিনেটের সিদ্ধান্তের পর এখন আবারও হলটির আগের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।



















