নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৬১টি পাসপোর্ট, পাঁচটি জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন সরকারি দপ্তরের ছয়টি সীলসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ড এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার রাশেদ (৪৩), ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকার মো. আব্দুল্লাহ তানহা (৩৯) এবং দক্ষিণ শিয়াচর এলাকার মো. মহসিন বেপারী (৩২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাশেদের ভাড়া করা কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে ৬১টি পাসপোর্ট, পাঁচটি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন সরকারি দপ্তরের ছয়টি সীল উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধার করা সীলগুলোর মধ্যে রয়েছে—চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা; পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, নারায়ণগঞ্জ; নিকাহ রেজিস্ট্রার, চিটাগং রোড, সিদ্ধিরগঞ্জ; সহকারী পরিচালক, ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, নারায়ণগঞ্জ; নোটারি পাবলিক এবং ‘সত্যায়িত প্রতিলিপি’ লেখা সীল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, প্রতারণার মাধ্যমে এসব নথি ও সীল ব্যবহারের বিষয়ে তদন্ত চলছে।



















