নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের বিভিন্ন গণআন্দোলনে ছাত্রসমাজ সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাহসিকতার সঙ্গে রাজপথে নেমে তারা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং জাতিকে সঠিক পথ দেখিয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর কালীবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ছাত্র সংগঠন ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মীর মুগ্ধসহ নারায়ণগঞ্জের ছাত্র শহীদ আদিল ও রাব্বি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগের মাধ্যমেই নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিনের ফ্যাসিবাদী ওসমান গোষ্ঠীর প্রভাব থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে।
আব্দুল্লাহ আল আমিন বলেন, দেশে স্বৈরাচারবিরোধী একটি বড় লড়াই ইতোমধ্যে শেষ হয়েছে। এখন সময় দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার। জনগণ একবার রাজপথে নেমে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করেছে এবং পরে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমেও তাদের প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেন, ছাত্রসমাজ অতীতের মতো ভবিষ্যতেও জাতির গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে। তবে কোনো ছাত্র সংগঠন যেন মূল রাজনৈতিক দলের পেশিশক্তি বা প্রটোকল দেওয়ার সংগঠনে পরিণত না হয়—সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগরের সদস্য সচিব আবু আল ইউসূফ খান টিপু, এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জেলা সমন্বয়কারী সদস্য জোবায়ের হোসেন তামজিদ, জাবেদ আলম, যুবাইর সরদার, তুহিন মাহমুদ, নিরব রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।



















