প্রশিক্ষিত যুবদের মাঝে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পদ্ধতিতে যাতায়াত ভাতা বিতরণ করেছে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। ৩০ মার্চ সোমবার বিকেলে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন (যুগ্ম সচিব) প্রিয়সিন্ধু তালুকদারের সভাপতিত্বে যাতায়াত ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব রকেট এর আহমেদ শামসুল হুদা, বিকাশ লিমিটেডের গভর্ণমেন্ট পার্টনারশিপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল সহ অন্যান্য।
প্রাণবন্ত অনুষ্ঠানে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজার স্বাগত বক্তব্যের মাধ্যমে ৩ মাস মেয়াদি পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১ লক্ষ ১৭ হাজার ৯ শ টাকা রকেটের মাধ্যমে বিতরণ করা হয়। এছাড়া ঢাকা জেলাধীন ক্যান্টনমেন্ট ইউনিট থানার সাত দিন মেয়াদী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১৮ হাজার টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীগণ বিকাশ ও রকেট একাউন্ট-এ তাৎক্ষণিকভাবে ভাতা পেয়ে বেশ উল্লাস প্রকাশ করেন। এই পদ্ধতিকে তারা স্বাগত জানান।এই অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনে ভাতা বিতরণের শুভ সূচনা হলো এবং এখন থেকে এই জেলায় অনলাইনে ভাতা বিতরণ অব্যাহত থাকবে বলে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান।