নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ
নারায়ণগঞ্জ: আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৮ নং ওয়ার্ডের গোদনাইল ভুইয়াপাড়ায় নবনির্মিত ‘আব্দুল আলী গাজী ঈদগাহ ময়দানে’ পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এই ঈদ জামাতে অত্র এলাকার সর্বস্তরের ও বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নামাজ শুরুর আগে মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি নতুন এই ঈদগাহ ময়দান প্রতিষ্ঠার উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদনাইল ভুইয়াপাড়ার কৃতি সন্তান ও মরহুম আব্দুল আলী গাজীর সুযোগ্য পুত্র গাজী সাইদুর রহমান জজ। এছাড়াও উপস্থিত ছিলেন ঈদগাহ বাস্তবায়নকারী সোহেল প্রধান, ভুইয়াপাড়া সমাজের সভাপতি আবুল কাশেম মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত এই ঈদগাহ ময়দানে প্রথমবারের মতো ঈদের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী। মুসল্লিদের মুখে নবনির্মিত এই ময়দান নিয়ে ব্যাপক প্রশংসা শোনা যায়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নতুন এই ঈদগাহের উন্নয়নের জন্য প্রথমবারের মতো দেড় লক্ষ টাকা অনুদান প্রদান করেন। সেই সাথে এলাকার উন্নয়নে রাস্তা নির্মাণ, ড্রেন সংস্কার এবং বিশুদ্ধ পানির জন্য সাবমারসিবল পাম্প বসানোর ঘোষণা দেন তিনি। আগামীতেও এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং মুসল্লিরা একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।