নারায়ণগঞ্জে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে সরকারি অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, বন্দরের সোনাকান্দা এলাকার বেপারীপাড়া থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মো. মিশাল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নগরীর দেওভোগ পানির ট্যাংক এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা বিভাগ তৎপর রয়েছে।
এর আগে সোমবার ভোরে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান। তিনি সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের সময় এএসআই লুৎফর রহমান কিছুক্ষণের জন্য টিম থেকে আলাদা হয়ে পড়েন। এ সময় তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে এবং তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেয়। ঘটনার সময় তিনি পুলিশের পোশাক পরা অবস্থায় ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, নিতাইগঞ্জ এলাকার ওই অংশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও এলাকাটিতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে পথচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।



















