ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান ওরফে হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদসহ দুইজনকে ভারতে আটক করেছে দেশটির পুলিশ। বিষয়টি ভারতীয় সংবাদ সংস্থা (এএনআই) এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে।।
খবরে বলা হয়, রোববার (৮ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—রাহুল ওরফে ফয়সল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল ওরফে ফয়সল করিম মাসুদ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করার পর পালিয়ে যায়। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের- বনগাঁ এলাকায় আসে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ভারতীয় পুলিশ একটি মামলা দায়ের করেছে। আটক দুইজনকে আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।


















