নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, যেসব মামলায় জামিন দেওয়া হয়েছে তার মধ্যে চারটি হত্যা মামলা। এগুলো হলো—ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় দায়ের করা আরেকটি মামলাতেও তাকে জামিন দেওয়া হয়েছে।
আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হাইকোর্ট এর আগে পাঁচ মামলায় জামিন দিলেও তা আপিল বিভাগে স্থগিত হয়েছিল। পরে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সর্বশেষ আদেশের ফলে সংশ্লিষ্ট মামলাগুলোতে তার আইনি অবস্থান নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।



















