এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতার বাইরে কোনো ধরনের অতিরিক্ত সুবিধা গ্রহণ করা যাবে না। ঘুষ ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হাসনাত বলেন, থানায় কোনো দালাল থাকতে পারবে না। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দালালচক্রের উপস্থিতি বন্ধ করতে হবে। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ থানায় গিয়ে দালাল ছাড়া সেবা পাচ্ছে না—এমন তথ্য তিনি বিভিন্নভাবে যাচাই করেছেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশে তিনি বলেন, এখন থেকেই থানায় দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, জনগণের সেবাই তার প্রধান লক্ষ্য। সরকারি সুবিধার বিনিময়ে জনগণকে হয়রানি করা চলবে না। ঘুষের প্রচলন থেকে বেরিয়ে এসে সৎভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের সামনে তিনি সেবাপ্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


















