নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলের ড্রামভর্তি একটি ট্রাক ডাকাতির চেষ্টাকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি, দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত ট্রাক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানিয়াদী এলাকায় এলায়েট মিলস সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তেলের ড্রামভর্তি একটি ট্রাক ছিনতাই করে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেনের নির্দেশনায় এসআই মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি অভিযানিক দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. সেকান্দার (৪০) ও রন চন্দ্র শীল (৩০)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি খেলনা ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি ও তেলের ড্রামভর্তি ট্রাক জব্দ করা হয়েছে।

এ সময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















