সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ, দস্যুতা, চুরি ও মাদক মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
ধর্ষণ ও দস্যুতা মামলায় গ্রেফতার:
পুলিশ জানায়, পটুয়াখালীর মহিপুর থানার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকার ভাড়াটিয়া মো. হুমায়ূন কবিরকে (২৫) একটি ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, মিজমিজি বাতেনপাড়া এলাকা থেকে দস্যুতা মামলার আসামি মিতুল হোসেনকে (২১) গ্রেফতার করা হয়।
মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবা উদ্ধার:
থানা সূত্রে জানা গেছে, পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৫ হাজার টাকা মূল্যের ৫০ পুড়িয়া হেরোইনসহ ইয়াসিন রহমান আরমান ওরফে রাজ (২২) ও মো. সবুজকে (২৭) গ্রেফতার করা হয়েছে। এছাড়া বার্মাশীল এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মো. আরাফাত হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।
চুরির মামলায় ৩ জন ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি:
একটি চুরির মামলায় জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকার বাসিন্দা এস এম মামুন (৫২), সবুজ মোল্লা (৩৫) এবং কাশেম ঢালীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আদালতের পরোয়ানা (সিআর ওয়ারেন্ট) মূলে আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়।
আদালতে প্রেরণ:
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়েছে, অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃত ১০ জন আসামিকে আজ মঙ্গলবার দুপুরে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



















