প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ৩:৩১ পি.এম
সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা কোন দয়া নয়ঃ এড. সাখাওয়াত হোসেন
নিজস্ব সংবাদদাতাঃ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ এর শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
শনিবার (২২ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়াস্থ শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক শংকর কুমার দে এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রশাসক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী পুকুর ও জলাশয় সংরক্ষণ, খাল খনন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণেও সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি সুদৃঢ় ও বৈষম্যহীন নগরী গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা কোন দয়া নয়, এটি আপনাদের সাংবিধানিক নাগরিক অধিকার।
জন্মাষ্টমীর শোভাযাত্রা ও উৎসব প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান আরও বলেন- আগামী ৪ সেপ্টেম্বরের জন্মাষ্টমীর শোভাযাত্রা ও উৎসব যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়। সে-ই লক্ষ্যে সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।
ও-ই মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন- রাজনৈতিক অভিভাবক তারেক রহমান'র স্পষ্ট নির্দেশনা রয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে যেনো কোন ধরনের ব্যাঘাত না ঘটে।
তিনি আরও বলেন- ৫ আগষ্ট পরবর্তী সময়েদ দুর্গাপূজা ও কালীপূজা সহ প্রতিটি পর্বে আমরা পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি অসাম্প্রদায়িক সমাজ বজায় রাখবো।
এছাড়াও অন্যান্য বক্তারা বলেন- নারায়ণগঞ্জে আবহমানকাল ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখেই ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে জন্মাষ্টমীর কর্মসূচী পালন করতে হবে। জুম্মা নামাজের সময় বিবেচনায় রেখে, নির্ধারিত সময়ের মধ্যে শোভাযাত্রা শেষ করার আহ্বান জানান তারা।
সুশীল কুমার দাস'র সঞ্চালনায় ও-ই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, সরোজ কুমার সাহা ও প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার সহ নারায়ণগঞ্জ জেলা, মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ড ও মন্দির কমিটির নেতা-কর্মীরা।
Alordhara24news