রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭টি হত্যা মামলাসহ ২৬ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে সবুজ ওরফে কালাই সবুজ (৩২) এবং একই উপজেলার ভুলতা এলাকার শাহাদাতের ছেলে এজাজুল হক (৩৪)।
রূপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর বুধবার রাতে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কালাই সবুজকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে সহযোগী এজাজুল হককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আসামী সবুজ দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়, খুন এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ৭টি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক থেকে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছিল। এজাজুল হকের বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।