নারায়ণগঞ্জ প্রতিনিধি: আমের কার্টনের আড়ালে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, কয়েকজন মাদক কারবারি ট্রাকে করে ফেনসিডিলের বড় একটি চালান নারায়ণগঞ্জের দিকে নিয়ে আসছে।
সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামানোর সংকেত দিলে ট্রাক থেকে নেমে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
আটকের পর ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমের কার্টনের ভেতর থেকে ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক পাচারচক্রের সক্রিয় সদস্য বলে র্যাবের কাছে স্বীকার করেছেন বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।
র্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় পরিবহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















